হলিউডের পর্দায় কি দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদো?
প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গল, ১১:১৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৮২ বার।
ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে এবার হয়তো দেখা যেতে পারে হলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে। আলোচিত গুঞ্জন বলছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের শেষ অধ্যায়ে বিশেষ চরিত্রে হাজির হতে পারেন এই পর্তুগিজ সুপারস্টার।
দ্য হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ ডোমিনিক টোরেটো চরিত্রে অভিনয় করা অভিনেতা ভিন ডিজেল সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে রোনালদোর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। আর তাতেই শুরু হয়েছে নতুন করে আলোচনা। প্রথমে ছবির ক্যাপশনে ভিন ডিজেল লেখেন, একসময় রোনালদোর জন্য একটি চরিত্র লেখা হয়েছিল। তিনি জানান, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সিক্যুয়েল ‘লস বানডোলেরস’-এ রোনালদোর অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। তবে পরে ভিন ডিজেল ওই ক্যাপশন সামান্য পরিবর্তন করেন, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। নতুন ক্যাপশনে তিনি লেখেন— “সবাই জানতে চাইছিল, সে কি ‘ফাস্ট’ মিথোলজির অংশ হবে? আমি শুধু এটুকু বলতে পারি, সে একজন বাস্তব মানুষ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছিলাম।” এই পরিবর্তনের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। নেটিজেনদের ধারণা, এবার হয়তো সত্যিই ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজে অভিষেক হতে চলেছে ফুটবল সুপারস্টার রোনালদোর। বিশেষ করে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-এ তার উপস্থিতির সম্ভাবনা নিয়ে উত্তেজনা তুঙ্গে। ভক্তদের অনেকেই কল্পনা করছেন, তিনি কী ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন। অধিকাংশ মন্তব্যই ইতিবাচক এবং এই আইকনিক অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে রোনালদোকে দেখার আগ্রহে ভরপুর। যদিও এখন পর্যন্ত তার অভিনয় নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি আপাতত জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।
জানা গেছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’ হতে পারে দীর্ঘদিনের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা। এতে ভিন ডিজেলের পাশাপাশি ফিরতে পারেন ডোয়াইন জনসন (হবস), জেসন মোমোয়া (ডান্তে রেয়েস) এবং জেসন স্ট্যাথাম (ডেকার্ড শ)। এছাড়াও প্রয়াত অভিনেতা পল ওয়াকারকে (ব্রায়ান ও’কনার) গল্পে কোনোভাবে ফিরিয়ে আনার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে, যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়। সবশেষে, সিনেমাটির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন রয়েছে— ২০২৭ সালের এপ্রিল মাসে মুক্তি পেতে পারে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’।
এ জাতীয় আরো সংবাদ
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার
প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৮:৪৮ অপরাহ্ণ
হলিউডের পর্দায় কি দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদো?
প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গল, ১১:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১:১০ পূর্বাহ্ণ
হামজার দুর্দান্ত ওভারহেড ও পানেনকা গোলের পরও জয় বঞ্চিত...
প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১২:০৯ পূর্বাহ্ণ
ঢাকার প্রথম শ্রেণির ক্রিকেটার ও সাতক্ষীরার সন্তান সালমানের হাঁটুর...
প্রকাশিতঃ ২ অক্টোবর ২০২৫, বৃহঃ, ১:১২ অপরাহ্ণ
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
প্রকাশিতঃ ১ অক্টোবর ২০২৫, বুধ, ১১:০১ অপরাহ্ণ