প্রধান উপদেষ্টা পদে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস
Image

প্রধান উপদেষ্টা পদে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিতঃ ৯ আগস্ট ২০২৪, শুক্র, ১:১৪ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৪৪ বার।

প্রধান উপদেষ্টা পদে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।

অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা হলেন-
১. অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ
২. সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল
৪. মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান
৫. সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ
৬. সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন
৭. পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান
৮. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম
৯. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
১০. সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা
১১. উন্নয়নকর্মী (উবিনীগ) ফরিদা আখতার
১২. জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায়
১৩. চিন্তাবিদ, লেখক ও গবেষক আ ফ ম খালিদ হোসেন
১৪. গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম
১৫. ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ
১৬. ফারুক-ই-আজম বীর প্রতীক।

প্রধান উপদেষ্টা থাকবেন যমুনায়, উপদেষ্টারা মন্ত্রিপাড়ায়

অন্তর্বর্তীকালীন সরাকারের শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস থাকবেন রাষ্ট্রীয় ভবন যমুনায়। বঙ্গভবন ও মন্ত্রিপরিষদের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আবাসনের পরিচালক মো. শহিদুল ইসলাম ভূঞা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা জেনেছি শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রীয় ভবন যমুনায় রাখার সিদ্ধান্ত হয়েছে। এটি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে বিষয়টি। আর শপথের পর অফিস কোথায় করবেন সেটাও পরবর্তীতে কথা বলে করা হবে।

অন্যান্য উপদেষ্টাদের বিষয়ে জানতে চাইলে বলেন, আমাদের মন্ত্রিপাড়ায় ভবন আছে। তাদের পছন্দমতো সেগুলো আমরা তৈরি করে দেবো।
এদিকে মন্ত্রিপরিষদ থেকে জানা গেছে, অন্তর্বতীকালীন সরকারের জন্য ২৫টি গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি পরিবহন পুল। যে কয়টা গাড়ি পাঠানো প্রয়োজন হয় এখান থেকেই পাঠানো হবে।

উপদেষ্টা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এঁরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ঢাকার বনশ্রীর ছেলে নাহিদ ইসলাম ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন। আর ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লায়।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, তা পরিচালিত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে গণমাধ্যমের সামনে কথা বলে পরিচিত মুখ হয়ে ওঠেন নাহিদ ইসলাম। এরপর এই আন্দোলন আরও গতিশীল হলে আসিফ মাহমুদসহ অন্যরাও আলোচনায় আসেন। কোটা সংস্কার আন্দোলন দমনে সরকার প্রথম দফায় কারফিউ জারি করার পর নাহিদ ও আসিফসহ আরও কয়েকজন সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছিল। দুই দিন পর যখন নাহিদকে একটি রাস্তার পাশে ফেলে যাওয়া হয়, তখন তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ছিল আঘাতের চিহ্ন। আর আসিফকে ধরে নিয়ে বিশেষ কোনো ইনজেকশন দেওয়া হয়েছিল বলে তাঁর চিকিৎসকেরা জানিয়েছিলেন।

বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর এই দুই সমন্বয়ক রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে এই দুজনসহ আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে এনেছিলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। তাঁদের সঙ্গে আরও তিনজন সমন্বয়ককে ধরে এনে ডিবি অফিসে কয়েক দিন আটকে রাখা হয়। সেই অবস্থায় নাহিদকে দিয়ে একটি ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল।

নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
নানামুখী চাপের মুখে এক পর্যায়ে এই সমন্বয়কদের ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ডিবি। বেরিয়ে তাঁরা নতুন করে আবার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এবং এর ধারাবাহিকতায় এক পর্যায়ে সরকার পতনের ডাক দেন। তাঁদের গণভবন ঘেরাও কর্মসূচিতে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশ পরিচালনায় নতুন এই সরকার গঠন হচ্ছে।

এই সরকারের উপদেষ্টা হওয়া নাহিদ ও আসিফ দুজনই গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের একটি ছাত্রসংগঠনের নেতা। নাহিদ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। আসিফ এর আগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। নানা অভিযোগ তুলে গত বছরের জুলাইয়ে ছাত্র অধিকার পরিষদ থেকে একযোগে পদত্যাগ করেন ২১ জন নেতা। তাঁদের উদ্যোগেই গত বছর অক্টোবরে গঠিত হয় ছাত্রশক্তি। এই সংগঠনের সভাপতির দায়িত্বে আছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

নুরুল হক ও আখতার হোসেনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা ও ডাকসুর নেতৃত্বে আসার পেছনেও ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন। ২০১৮ সালে তাঁদের নেতৃত্বে আন্দোলনের মুখে সব কোটা বাতিল করেছিল শেখ হাসিনার সরকার।

দুই মুক্তিযোদ্ধার সন্তানের একটি রিট আবেদনের প্রেক্ষাপটে গত ১ জুন সরকারি চাকরিতে কোটা বাতিলে ২০১৮ সরকারের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে সব ধরনের কোটা পুনর্বহালের পক্ষে মত দিয়ে ওই রায়ে বলা হয়েছিল, সরকার প্রয়োজনে কোটা কমাতে বা বাড়াতে পারবে।

আদালতের এই রায়ের পর কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে গত ১ জুলাই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে আন্দোলন শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলনের অগ্রভাগে ছিলেন গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক টিম গঠন করা হয়, সেখানেও উল্লেখযোগ্য সংখ্যায় ছিলেন ছাত্রশক্তির নেতারা। এই আন্দোলনের ধারাবাহিকতায় সরকার পতনের পর গঠিত নতুন সরকারে জায়গা পেলেন ছাত্রশক্তির দুই নেতা। এত কম বয়সে সরকারের উপদেষ্টা হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন নজির গড়লেন তাঁরা।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসানের পর আজ বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে নতুন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মোদি বলেছেন, ‘নতুন দায়িত্ব গ্রহণ করা প্রফেসর ড. ইউনূসের প্রতি আমার শুভেচ্ছা। আমরা আশা করি (বাংলাদেশে) স্থিতিশীলতা ফিরবে, হিন্দু ধর্মাবলম্বীসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে।’

তিনি আরও বলেছেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি, উভয় দেশের নাগরিকের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের আকাঙ্খার প্রতি বদ্ধপরিকর।’

এ জাতীয় আরো সংবাদ

ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ৪ মার্চ ২০২৬, বুধ, ১১:৪৬ অপরাহ্ণ

মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য : জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ১ মার্চ ২০২৬, রবি, ১২:০৫ পূর্বাহ্ণ

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে :...

প্রকাশিতঃ ১ মার্চ ২০২৬, রবি, ১২:০০ পূর্বাহ্ণ

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৮:২৪ অপরাহ্ণ

ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ

প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৮:১৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর সঙ্গে পাল্লা দিয়ে ৯টার মধ্যেই অফিসে সচিবরাও

প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ৮:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো: মোস্তাকুর রহমান

প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ৮:৩৫ অপরাহ্ণ