মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা ইরানের
Image

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা ইরানের

প্রকাশিতঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনি, ১১:৫৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৯৬ বার।

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা ইরানের

হরমুজ প্রণালি বন্ধ করে দিচ্ছে ইরান

হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যে অবস্থিত একটা চ্যানেল।

ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোর বা আইআরজিসি এর সাথে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে, কৌশলগত গুরুত্বের কথা চিন্তা করে ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হচ্ছে।

হরমুজ প্রণালি ইরানের দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত একটি নৌ চলাচলের পথ বা চ্যানেল।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আইআরজিসির পক্ষ থেকে জাহাজগুলোকে বার্তা পাঠানো হয়েছে যে, যে কোন ধরনের জাহাজকে নতুন করে প্রণালিটি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন বা ইউকেএমটিও জানিয়েছে, তারাও একাধিক প্রতিবেদনের মাধ্যমে এই সর্তকবার্তার কথা জানতে পেরেছে।

হরমুজ প্রণালি বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ এবং তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ টানেল। বিশ্বে উৎপাদিত তেল এবং গ্যাসের প্রায় পাঁচভাগের একভাগ এই প্রণালি দিয়েই পরিবহণ করা

স্যাটেলাইট ইমেজে আয়াতুল্লাহ খামেনির কার্যালয়ে ক্ষতির চিত্র

শনিবার সকালে তেহরানে ইসরায়েলি হামলার পর সেখানকার একটি স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করেছে বিবিসি ভেরিফাই।

যাতে দেখা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় বা লিডারশিপ হাউজের একটি অংশে বেশ ক্ষয়ক্ষিত হয়েছে।

হাই রেজুলেশনের এই ছবিটি ধারণ করেছে এয়ারবাস। এতে দেখা যায় ওই জায়গায় ভবনগুলো পোড়া অবস্থায় রয়েছে, ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতেও দেখা গেছে। ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।

ছবির অবস্থান সকালে তেহরানে ধারণ করা যাচাইকৃত ভিডিও ফুটেজের সঙ্গে মিল রয়েছে।

ইরানের একাধিক সিনিয়র নেতা নিহত, দাবি ইসরায়েলের

একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, শনিবারের হামলায় ইরানের একাধিক কর্মকর্তা নিহত হয়েছে।।

তিনি জানান, অভিযানের সময় একই সঙ্গে তিনটি স্থানে হামলা চালানো হয়, যেখানে ইরান সরকারের সদস্যরা জড়ো হয়েছিলেন।

ওই কর্মকর্তা আরও জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই হামলা চালায়।

ইসরায়েল জানিয়েছে, প্রয়োজনে আবারো হামলা চালানোর জন্য প্রস্তত আছে আইডিএফ।=

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড বা আইআরজিসি নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের রাস্তায় ভয় ও খুশির মিশ্র প্রতিক্রিয়া

আজকের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে ইরানের ভেতরে প্রতিক্রিয়া ছিল নানামুখী; কোথাও আতঙ্ক ও ভয়ের দৃশ্য ধরা পড়েছে, আবার কোথাও সরকার পতনের সম্ভাবনায় আনন্দের প্রকাশও দেখা গেছে।

হামলা শুরু হতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে কিছু ভিডিও, যেখানে বিস্ফোরণস্থলের কাছাকাছি লোকজনকে আতঙ্কে দৌড়াতে দেখা যায়; পেছনে শোনা যাচ্ছিল চিৎকার ও কান্নার শব্দ।

অন্যদিকে, সামরিক হস্তক্ষেপের মাধ্যমেই যে সরকার পরিবর্তন সম্ভব—এমন বিশ্বাস যাদের আছে, তাদের মধ্যে স্বস্তির অনুভূতি— এমনকি আনন্দ ও উদযাপনের ইঙ্গিতও পাওয়া গেছে।

অনেক ইরানি সম্ভাব্য মার্কিন হামলা প্রত্যাশা করছিলেন, কিন্তু তাদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ভিন্নধর্মী।

একজন ইরানি সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমি যদি মারা যাই, ভুলে যেও না যে আমরাও আছি— আমরা যারা যেকোনো সামরিক হামলার বিরোধিতা করি, আমরা যারা কেবল হতাহতদের পরিসংখ্যানের সংখ্যায় পরিণত হব”।

আরেকজন লিখেছেন, “এই যুদ্ধের কারণ হয়ে দাঁড়ানো ইসলামি একনায়কতন্ত্র ধ্বংস হোক। আমরা তো ইতোমধ্যে তিনটি যুদ্ধ পাড়ি দিয়েছি”।

গত জানুয়ারিতে আধুনিক ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী বেসামরিক দমন-পীড়নের অভিজ্ঞতা পাওয়া বহু ইরানি এখন বলছেন, তারা সরকার পরিবর্তনকে স্বাগত জানান— এমনকি তা যদি সামরিক হস্তক্ষেপ ও শীর্ষ কর্মকর্তাদের হত্যার মাধ্যমেও আসে।

অন্যদিকে, কেউ কেউ উদ্বেগ প্রকাশ করছেন যে কেবল বিমান হামলা দিয়ে হয়তো সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না এবং সতর্ক করে দিচ্ছেন যে এতে সরকার টিকে গেলে নাগরিকদের প্রতি তার আচরণ আরও বর্বর হয়ে উঠতে পারে।

মোটরসাইকেলে করে যাচ্ছেন একজন পুরুষ ও একজন নারী যার হাতে ইরানের একটি পতাকা

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন কর্মচারী সামান্য আহত হয়েছেন এবং টার্মিনাল একটি সামান্য ক্ষতি হয়েছে।

তারা নিশ্চিত করেছে যে উপযুক্ত কর্তৃপক্ষ জরুরি পদ্ধতি অনুসারে ঘটনাটি মোকাবিলা করেছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের সম্ভাবনা

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর

নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউইয়র্ক সময় শনিবার বিকাল ৪টায়, তেহরানের সময় রোরবার দুপুর ১২ টা ৩০ মিনিটে এই বৈঠক হতে পারে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস “মধ্যপ্রাচ্যে আজকের সামরিক কর্মকাণ্ডের নিন্দা” করার পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

“এই কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে,” মি. গুতেরেস এক বিবৃতিতে বলেছেন।

তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়েছেন।

দু’য়েকজন কমান্ডার নিহতের ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার ইসরায়েলের হামলায় দু’য়েকজন কমান্ডার নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন।

তিনি জোর দিয়ে বলেছেন যে, বেশিরভাগ ইরানি কর্মকর্তা এখনো নিরাপদ এবং জীবিত আছেন, তবে এর বাইরে বিস্তারিত কিছু তিনি জানাননি।

মি. আরাঘচি জানিয়েছেন যে, ইরানের কাছে এমন অস্ত্র রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম এবং হামলা বন্ধ না হলে তারা শক্ত হাতে জবাব দেবে।

তিনি ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটির ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের আলোচনা হয়েছে; এর পাশাপাশি তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং কুয়েতসহ আঞ্চলিক দলগুলির সাথে কূটনৈতিক আলোচনা চলছে বলেও জানান তিনি।

দুবাইয়ে ধোঁয়ার কুণ্ডলী

আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে একটি ছবি পেয়েছি যাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ফেয়ারমন্ট দ্য পাম হোটেলের কাছে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে দুবাইতে একটি হামলা চালানো হয়েছে। ইরান ঠিক কী লক্ষ্য করে হামলা চালাচ্ছে তা স্পষ্ট নয়, তবে দেশে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে।

রয়টার্সের উদ্ধৃতি অনুসারে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের একটি নতুন ঢেউকে বাধা দিয়েছে।

দুবাইয়ের একটি হোটেলের কাছে ধোঁয়ার কুণ্ডলী

কাতারের দোহায় আবারো ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের রাজধানী দোহায় আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

এর আগেও শনিবার আরেক দফায় হামলার ঘটনা ঘটে।

তখন কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যা দৃশ্যত এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে।

তখন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে হামলায় কোনো ক্ষতি হয়নি।

ইরানের বিরুদ্ধে ‘বড় হামলা’ সম্পন্ন করেছে: দাবি আইডিএফের

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা ইরানি শাসনব্যবস্থার উপর “বড় ধরনের হামলা সম্পন্ন করেছে”।

“পশ্চিম ইরানের কেরমানশাহ এলাকায় অবস্থিত একটি উন্নত এসএ-৬৫ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দিকে একটি হামলা পরিচালিত হয়েছিল,” আইডিএফ এক বিবৃতিতে বলেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইরানি আকাশসীমার উপর ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানের স্বাধীনতা প্রতিষ্ঠা ও বাড়ানোর জন্য, আইআরজিসির (বিপ্লবী গার্ড) সক্ষমতা হ্রাস করার জন্য এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতি হুমকি প্রতিহত করার জন্য এই হামলা চালানো হয়েছিল”।

ইরানের সিনিয়র নেতারা ও সেনাপ্রধান নিহত হওয়ার খবর সঠিক নয়, দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সিনিয়র রাজনৈতিক নেতা ও সেনাপ্রধান নিহত হওয়ার যে খবর ছড়ানো হচ্ছে তা সঠিক নয় বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদে আছেন বলে এক্স পোস্টে (সাবেক টুইটার) জানিয়েছেন তার নির্বাহী ডেপুটি মো. জাফর কিয়ামফানা।

আর প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান টেলিগ্রামে লিখেছেন, “এইবারও তাদের হত্যাচেষ্টা সফল হয়নি”।

ইরানের সেনাবাহিনী তাদের কমান্ডার আমির হাতেমির মৃত্যুর খবর প্রত্যাখ্যান করেছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কোয়ালিবাফ এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিও অক্ষত আছেন।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তেহরানে তারা যে সব জায়গায় হামলা চালিয়েছে সেখানে সিনিয়র রাজনৈতিক নেতা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তার জড়ো হয়েছিলেন।

ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত ও নিরাপদ আছেন: পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ আক্রমণকে “সম্পূর্ণ ভিত্তিহীন, বেআইনি ও অবৈধ” বলে অভিহিত করেছেন।

এনবিসিকে দেওয়া তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেছেন, ইরানের “প্রায় সব কর্মকর্তা জীবিত, সুস্থ ও নিরাপদ স্থানে আছেন”।

মি. আরাঘচি বলেন, “আমরা সম্ভবত এক বা দুইজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি কোনো বড় সমস্যা নয়”।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ২০টি প্রদেশ লক্ষ্যবস্তু: ইরানের রেড ক্রিসেন্ট

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মুজতবা খালিদি বলেছেন, ইরানের প্রায় ২০টি প্রদেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

তার বক্তব্য অনুযায়ী, এসব হামলার পর আহতদের জন্য ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

ইরানের বিভিন্ন শহর থেকে ধোঁয়া ওঠা বা বিস্ফোরণের অসংখ্য ছবি প্রকাশিত হয়েছে।

প্রতিবেশীদের ওপর ইরানের হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির নিন্দা

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে এবং বলেছে যে ইরানের উচিত “লক্ষ্যবিহীন” সামরিক হামলা থেকে বিরত থাকা।

“আমরা আঞ্চলিক স্থিতিশীলতা এবং বেসামরিক জীবনের সুরক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি,” ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্টজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এক যৌথ বিবৃতিতে বলেছেন।

তারা আরও বলেছেন যে তারা ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করতে চান।

যুদ্ধবিরতির আহ্বান ওমানের

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে সামরিক অভিযান স্থগিত করার আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য একটি জরুরি বৈঠক করার আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তর্জাতিক আইনের সমর্থনে স্পষ্ট অবস্থান নেওয়ারও আহ্বান জানিয়েছেতারা।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য “মারাত্মক পরিণতি” বয়ে আনবে।

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বিমানের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার ও মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলার পর ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বিমানের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

শনিবার বাংলাদেশ বিমানের এক বিজ্ঞপ্তিতে জরুরি এই নির্দেশনা জানানো হয়।

এতে বলা হয়, “বিমান বাংলাদেশ এয়ারলাইনস অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে বিমানের সকল ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে”।

বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের ওই দেশগুলো গমন করতে ইচ্ছুক সকল যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাথে যোগাযোগ না করে বিমানবন্দরে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এ বিষয়ে যোগাযোগের জন্য ১৩৬৩৬ নম্বরে কল করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ইরানে মেয়েদের স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

ইরানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি আইআরএনএ’র খবর অনুসারে, মেয়েদের একটি স্কুলে হামলার পর মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। তারা দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করেছে।

আলী ফরহাদি সংস্থাটিকে বলেছেন যে আজ স্কুলটি “তিনটি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু” ছিল। তিনি আরও বলেছেন যে হামলায় আরও ৬৩ জন আহত হয়েছেন।

মুখপাত্র আরও বলেছেন যে অন্যান্য সম্ভাব্য হতাহতদের সন্ধানের জন্য স্কুলটি ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব কাউন্টিতে মেয়েদের এই প্রাথমিক বিদ্যালয়টি হামলার শিকার হয়।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় দুঃখ প্রকাশ করেছে ওমান

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি, যিনি যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় মধ্যস্থতা করেছেন, শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং ওয়াশিংটনকে এমন এক যুদ্ধে “আর জড়িত না হওয়ার” আহ্বান জানিয়েছেন।

এক্স-এ পোস্ট করা বার্তায় তিনি বলেছেন, “আমি হতাশ। সক্রিয় ও গুরুতর আলোচনাগুলো আবারও দুর্বল হয়ে গেছে”।

তিনি আরও বলেন, “আমি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছি আর বেশি জড়িত না হতে। এটি আপনাদের যুদ্ধ নয়”।

বৃহস্পতিবার জেনেভায় ইরান–মার্কিন আলোচনার তৃতীয় দফা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “আমরা ভালো অগ্রগতি পেয়েছি” এবং “এটি ছিল মার্কিন পক্ষের সঙ্গে আমাদের অন্যতম সেরা ও সবচেয়ে গুরুতর আলোচনা”।

কুয়েতে আলী সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা, ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটি

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, শনিবার সকালে আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

সেগুলোকে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। হামলার পরে ঘাঁটির পাশে কিছু ধ্বংসাবশেষ পড়ে থাকতেও দেখা গেছে।

দেশটির সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, সশস্ত্র বাহিনী কুয়েতের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের নিরাপত্তার জন্য যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

সেনাবাহিনী কুয়েতের বাসিন্দাদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, কোনো ধরনের হামলার হুমকি আছে এমন বস্তু দূরে থাকা এমন এমন কিছু নজরে আসলে সে বিষয়ে দেশটির কর্তৃপক্ষকে অবহিত করারও আহ্বান জানিয়েছে।—বিবিসি

এ জাতীয় আরো সংবাদ

‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ

কিসের আশায় ইরান যুদ্ধ?

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ

মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার...

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৯ অপরাহ্ণ

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ, কী কথা হলো

প্রকাশিতঃ ১০ মার্চ ২০২৬, মঙ্গল, ১১:২৪ অপরাহ্ণ

ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধকে ‘অসাধারণ ভুল’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৬, শুক্র, ১০:৪২ অপরাহ্ণ

খামেনির বাঙ্কার ধ্বংসে ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল: ইসরায়েল সেনাবাহিনী

প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৬, শুক্র, ১০:৩৯ অপরাহ্ণ