সাতক্ষীরা জেলা মানুষের সাথে জুলুম ও সৎ মায়ের সন্তানের মত আচরণ করা হয়েছে -ডা.শফিকুর রহমান
প্রকাশিতঃ ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গল, ৯:৩৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩০৫ বার।
সাতক্ষীরা জেলার মানুষ ন্যায় ও ইনসাফের পক্ষে থাকায় বিগত সময়ে জেলার সাথে জুলুম করা হয়েছে। ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। উন্নয়নের বাধাগ্রস্ত করা হয়েছে। সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আন্দোলন কোনো দলীয় স্বার্থ বা ক্ষমতার জন্য নয়, এটি জনগণের অধিকার, ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যদি সুযোগ দেন, তবে দীনের নির্দেশনার আলোকে দেশ পরিচালনা করা হবে। মুসলমানদের মধ্যেও বিভিন্ন মত ও চিন্তাধারা রয়েছে, সব বিষয়ে একমত হওয়া সব সময় সম্ভব নয়। তবে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে একটি কমন বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আগামী ১২ তারিখ ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়াতে সাতক্ষীরাবাসীকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, দেশের রাজনীতি ও অর্থনৈতিক ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব, কৃত্রিম সংকট এবং স্বার্থান্বেষী সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে সেই ব্যবস্থার পরিবর্তন এসেছে। এখন আর কাউকে পুরোনো অন্যায়ের পথে ফিরে যেতে দেওয়া হবে না। কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না।
ডা. শফিকুর রহমান বলেন,এই জেলার মানুষ দীর্ঘদিন অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। তিনি বলেন, সাতক্ষীরার চারটি আসন যদি ন্যায়, ইনসাফ, জনগণের সরকার এবং মদিনার শাসনামলের আদর্শে সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে আমরা আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করবো। এই ঋণ শোধ করার জন্য পুরো সময়জুড়ে আমরা আন্তরিকভাবে কাজ করবো।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে আলোচনা করেই এলাকার সমস্যাগুলো সমাধান করা হবে। উপর থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি।
দুর্নীতি ও লুটপাটের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াতে আমীর বলেন, আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, তবে যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের কাছ থেকে জনগণের টাকা উদ্ধার করে আনা হবে। এই বিষয়ে কোনো দয়া নেই, কোনো ক্ষমা নেই। এখানে আপোষ নয়, এখানে কঠোরতা থাকবে।

তিনি বলেন, ভবিষ্যতের জন্য বার্তা এখন থেকেই স্পষ্ট এই সরকার শপথ নেওয়ার পর অতীত পর্যালোচনা করা হবে, তবে এখন থেকেই কেউ আর কালো টাকার দিকে হাত বাড়াতে পারবে না। আমরা সকল পেশাজীবী এবং সকল শ্রেণির রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদের সম্মানের সঙ্গে বাঁচার পরিবেশ নিশ্চিত করবো। যারা ঝুঁকিপূর্ণ পেশায় দায়িত্ব পালন করেন, তাদের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়ন করা হবে। কারণ একই বেতনে ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করানো চরম অবিচার। ইনসাফ মানে সবাইকে সমান দেওয়া নয়; ইনসাফ মানে প্রত্যেককে তার ন্যায্য পাওনা নিশ্চিত করা। আমরা সেটাই বাস্তবায়ন করবো।
জনসভায় অংশ নিতে জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অবতরণ করেন। পরে বেলা ১২টার দিকে জনসভাস্থলে পৌঁছালে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ স্লোগান ও হাত নেড়ে তাকে অভিবাদন জানান। এ সময় পুরো জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সুশাসন প্রতিষ্ঠায় আদর্শ, সততা ও নৈতিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং প্রথমে ‘হ্যাঁ’ ভোট ও পরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, তরুণ সমাজই আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রধান শক্তি। তরুণদের দায়িত্বশীল ও সচেতন অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, মুহাদ্দিস আব্দুল খালেক, মুহাদ্দিস রবিউল বাসার, গাজী নজরুল ইসলাম, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। এছাড়া ১১টি শরীক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।জনসভায় সঞ্চালনা করেন জেলা জামায়তের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই জনসভা শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এ জাতীয় আরো সংবাদ
আইল কেটে জল নেওয়াকে কেন্দ্র করে ভাতিজার লাঙ্গলের ঈশের...
প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১১:১২ অপরাহ্ণ
কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আলিমুজ্জামান সাজুর লাশ...
প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১২:৪১ অপরাহ্ণ
কালিগঞ্জে হিন্দু পরিবার অস্ত্রের মুখে জিম্মি করে ঘরসহ ২৫...
প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:৩০ অপরাহ্ণ
কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...
প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ
শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ