জিতলো ভারত, টিকিট পেলো বাংলাদেশ
প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০২৩, সোম, ১২:০৯ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৪১৯ বার।
ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে আজ (রোববার) ভারতের কাছে ১৬০ রানে হেরেছে নেদারল্যান্ডস। ডাচদের লজ্জাজনক হারে ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের।
নিয়মনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বিশ্বকাপে পয়েন্ট টেবিলে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে। সেই অনুযায়ী, লিগ পর্বের সব খেলা শেষে ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের অষ্টমস্থানে থেকে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ (-১.০৮৭)। ৯ ম্যাচে ৪ করে পয়েন্ট আছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসেরও। কিন্তু রান রেটে পিছিয়ে নবমস্থানে শ্রীলঙ্কা (-১.৪১৯) ও দশমস্থানে আছে নেদারল্যান্ডস (-১.৮২৫)।
শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে লিগ পর্বে নিজেদের নবম ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ৪১০ রান করে স্বাগতিক ভারত। ম্যাচ সেরা নির্বাচিত হওয়া আইয়ার অপরাজিত ১২৮ ও রাহুল ৬৪ বলে ১০২ রান করেন। জবাবে ২৫০ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। এই জয়ে ৯ ম্যাচের সবগুলোতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল খেলতে নামবে ভারত।
বেঙ্গালুরুতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। ১২তম ওভারে দলের রান ১০০ তে নেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। ওই ওভারেই ওয়ানডেতে ১২তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৩০ বল খেলা গিল। হাফ-সেঞ্চুরির পরই ফন মিকেরেনের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন বিশ্বের এক নম্বর ব্যাটার গিল। ৩টি চার ও ৪টি ছক্কায় ৩২ বলে ৫১ রান করেন তিনি। রোহিতের সাথে ৭১ বলে ১০০ রানের জুটি গড়েন গিল। এ বছর এ নিয়ে সর্বোচ্চ পঞ্চমবারের মতো জুটিতে শতরান করলেন রোহিত ও গিল।
১৪তম ওভারে ওয়ানডেতে ৫৫তম হাফ-সেঞ্চুরি পান রোহিত। ৪৪ বলে হাফ-সেঞ্চুরির পর বিদায় নেন ভারত দলপতি। ৮টি চার ও ২টি ছক্কায় ৫৪ বলে ৬১ রান করেন তিনি। বিশ্বকাপের এক আসরে ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। ২০০৩ সালে ৪৬৫ রান করেছিলেন সৌরভ গাঙ্গুলী। এবার এখন পর্যন্ত ৫০৩ রান করেছেন রোহিত।
দলীয় ১২৯ রানে রোহিত ফেরার পর আইয়ারকে নিয়ে ৬৬ বলে ৭১ রানের জুটি গড়েন বিরাট কোহলি। রোহিত ও গিলের মত হাফ-সেঞ্চুরির করেন কোহলিও। ৭১তম হাফ-সেঞ্চুরি করতে ৫৩ বল খেলেন কোহলি। এতে এক আসরে সর্বোচ্চ ৭বার করে ৫০এর বেশি রানের ইনিংস খেলে ভারতের শচীন টেন্ডুলকার ও বাংলাদেশের সাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করেন কোহলি। ২০০৩ সালে টেন্ডুলকার ও ২০১৯ সালে সাকিব, এমন কীর্তি গড়েছিলেন। হাফ-সেঞ্চুরির পর ৫১ রানে থামেন কোহলি।
আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলতে নামবে ভারত। পরের দিন কোলকাতায় দ্বিতীয় সেমিতে লড়বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
এ জাতীয় আরো সংবাদ
ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও
প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ
শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ
পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ
ভারতের কূটচালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি
প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৪১ অপরাহ্ণ
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার
প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৮:৪৮ অপরাহ্ণ
হলিউডের পর্দায় কি দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদো?
প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গল, ১১:১৭ অপরাহ্ণ