ব্রিটিশ নিরাপত্তার জালে আটক রাশিয়ার তিন সন্দেহভাজন গুপ্তচর
Image

ব্রিটিশ নিরাপত্তার জালে আটক রাশিয়ার তিন সন্দেহভাজন গুপ্তচর

প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৩, মঙ্গল, ১১:৪৪ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৪১৯ বার।

ব্রিটিশ নিরাপত্তার জালে আটক রাশিয়ার তিন সন্দেহভাজন গুপ্তচর

ব্রিটেনে রাশিয়ার পক্ষ হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি বড় মাপের নিরাপত্তা তদন্তের পর এদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে বলে বিবিসি জানতে পেরেছে।

আসামীরা সবাই বুলগেরিয়ার নাগরিক এবং গত ফেব্রুয়ারি মাসে আটক করার পর থেকে তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।

আটকদের বিরুদ্ধে “অযৌক্তিক অভিপ্রায়ে” ব্যবহারের জন্য পরিচয়পত্র রাখার অভিযোগ আনা হয়েছে এবং অভিযোগ করা হয়েছে যে সেগুলো জাল ছিল জেনেও তারা এসব দলিল তাদের কাছে রেখে দিয়েছিলেন।

অভিযোগ করা হয়েছে, এই তিনজন রুশ গুপ্তচর সংস্থার পক্ষ হয়ে কাজ করতেন।

তাদরে কাছ থেকে যেসব কাগজ-পত্র উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে ব্রিটেন, বুলগেরিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, গ্রীস এবং চেক প্রজাতন্ত্রের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অন্যান্য নথি।

ব্রিটেনের সরকারি গোপনীয়তা আইনের আওতায় অপরাধের সন্দেহে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তির মধ্যে ছিলেন এই তিনজন।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, যাদের কাজ ব্রিটেনে বিদেশি গুপ্তচরদের খুঁজে বের করা, তার গোয়েন্দারা এদের আটক করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এরা হলেন: নরফোকের গ্রেট ইয়ারমাথ থেকে আটক অরলিন রুসেভ (৪৫), উত্তর-পশ্চিম লন্ডনের হ্যারো এলাকা থেকে আটক বিজার জাম্বাজভ (৪১) এবং হ্যারোর একই ঠিকানার ক্যাট্রিন ইভানোভা (৩১)।

এদের এখনও পুলিশের হেফাজতে রাখা হবে এবং পরে কোনো এক তারিখে এদের ওল্ড বেইলির আদালতে হাজির করা হবে।

এই তিন জন বছরের পর বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন এবং শহরের বেশ কয়েকটি এলাকার বাড়িতে বসবাস করেছেন।

মি. রুসেভ এক সময় রাশিয়ার সাথে ব্যবসায়িক লেনদেন করেছেন।

তিনি ২০০৯ সালে ব্রিটেনে আসেন এবং তিন বছর ধরে আর্থিক খাতে প্রযুক্তিগত ভূমিকায় কাজ করেন।

তার অনলাইন লিঙ্কডইন প্রোফাইলে বলা হয়েছে, পরবর্তীকালে তিনি সিগন্যাল ইন্টেলিজেন্সের সাথে জড়িত একটি ব্যবসার মালিক ছিলেন, যে প্রতিষ্ঠানের কাজ ছিল যোগাযোগ কিংবা ইলেকট্রনিক সিগন্যালে আড়ি পাতা।

মি. রুসেভ, যার সাম্প্রতিক ঠিকানা গ্রেট ইয়ারমাউথের একটি সমুদ্রতীরবর্তী গেস্টহাউস, তিনি আরও বলেছেন যে তিনি একসময় বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে কাজ করেছেন।

মি. জাম্বাজভ এবং মিজ ইভানোভাকে তাদের হ্যারোর বাড়ির প্রাক্তন প্রতিবেশীরা দম্পতি হিসাবে বর্ণনা করেছেন।

মি. জাম্বাজভকে বর্ণনা করা হয়েছে হাসপাতালের ড্রাইভার হিসাবে, আর মিজ ইভানোভা তার অনলাইন লিঙ্কডইন প্রোফাইলে নিজেকে একটি ব্যক্তিগত স্বাস্থ্য ব্যবসায় ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে বর্ণনা করেছেন।

এই দু’জন প্রায় এক দশক আগে ব্রিটেনে আসেন এবং প্রবাসী বুলগেরিয়ানদের “ব্রিটিশ সমাজের সংস্কৃতি এবং রীতিনীতি”-এর সাথে পরিচয় ঘটানোর জন্য তারা একটি সামাজিক প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

আগামী বছর জানুয়ারি মাসে ওল্ড বেইলি আদালতে এই তিন আসামীর বিচার হওয়ার কথা রয়েছে। তবে তারা এখনও অভিযোগ স্বীকার করে কোন বক্তব্য দেননি।

ব্রিটেনের সন্ত্রাস-বিরোধী পুলিশ সম্প্রতি বিশেষভাবে রাশিয়ার পক্ষ থেকে সন্দেহজনক হুমকি এবং গুপ্তচরবৃত্তির তদন্তে তাদের অনেক বেশি সময় ব্যয় করতে হচ্ছে বলে বক্তব্য দিয়েছে।

সাম্প্রতিক বছরগুলিতে ব্রিটেনে রুশ গুপ্তচর তৎপরতার সাথে জড়িত কতগুলি ঘটনার পর এ নিয়ে তাদের উদ্বেগ বেড়েছে।

দু’হাজার আঠারো সালে দু’জন রুশ আততায়ী রাশিয়ার গুপ্তচর সংস্থার একজন প্রাক্তন ডাবল-এজেন্ট সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়াকে ব্রিটেনের সালসবারি এলাকায় মারাত্মক নার্ভ গ্যাস নোভিচক ব্যবহার করে হত্যার প্রচেষ্টা চালায়।

এর আগে ২০০৬ সালে সাবেক রুশ-গোয়েন্দা কর্মকর্তা অ্যালেকজান্ডার লিটভিনেনকো রুশ সরকারের অধীন ঘাতকদের বিষ প্রয়োগের পর লন্ডনে নিহত হন।

এ জাতীয় আরো সংবাদ

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:১৫ অপরাহ্ণ

রণক্ষেত্র দিল্লি, ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের কাছে বিক্ষোভকারীরা, ফটক...

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৯ পূর্বাহ্ণ

ইরানের আরেক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৩ অপরাহ্ণ

যুদ্ধবিরতি কোথায়, প্রশ্ন লেবাননের স্পিকারের

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৫ অপরাহ্ণ

‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ

কিসের আশায় ইরান যুদ্ধ?

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ

মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার...

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ